Image description

সৌদি আরবে নিজ জেলার প্রতিবেশীদের হাতে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে। 

নিহত সাব্বির কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, সৌদিতে পাশের কক্ষে থাকা অন্য প্রবাসী বংলাদেশিদের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটা-কাটির একপর্যায়ে কিলঘুষির শিকার হন সাব্বির। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে তিনি কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এত প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরে এবং গলা টিপে তাকে হত্যা করে। 

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত হওয়ার খবরটি সাব্বিরের সহকর্মী আরেক প্রতিবেশী প্রবাসী ফরিদ মিয়া মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে জানান। 

প্রসঙ্গত, নিহত সাব্বির সংসারের স্বচ্ছলতা ফেরাতে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান। তার মৃত্যুর সংবাদ পরিবারের লোকজন কোনভাবেই মেনে নিতে পারছেন না। পরিবারের লোকজন বার বার মূর্ছায় যাচ্ছেন।

প্রবাসে তার এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে বলেও নিহতের চাচা নজরুল ইসলাম জানান।

মানবকণ্ঠ/এআই